
ময়মনসিংহ নগরীতে ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ রয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের শম্ভুগঞ্জ পল্লী বিদ্যুৎ কার্যালয়সংলগ্ন একটি ট্রাক ডিপোর সামনে এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন সদর উপজেলার রঘুরামপুর মাঝিপাড়া এলাকার রফিকুল ইসলামের স্ত্রী আবেদা খাতুন (৩৫), তারাকান্দা উপজেলার দাদরা গ্রামের আব্দুল মেতালেবের মেয়ে শিলা আক্তার (২৫) এবং মহানগরীর জুবলীঘাট এলাকার দিলীপ ঘোষের ছেলে দেবরাজ ঘোষ (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শম্ভুগঞ্জ থেকে কিশোরগঞ্জগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা ঘটনাস্থলে পৌঁছালে ট্রাক ডিপো থেকে একটি ট্রাক হঠাৎ সড়কে উঠে আসে। এতে ট্রাকটি অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন।
পরে স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আরও দুই নারীকে মৃত ঘোষণা করেন। আহত অপর এক নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে দুর্ঘটনার পর অটোরিকশার চালক প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে চলে গেছেন বলে জানা গেছে।
এসআই খালিদ জানান, নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ ও ট্রাকটি শনাক্তে পুলিশ কাজ করছে।